এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি রবিবার (২৬ এপ্রিল) রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে ঘটে। জানা যায়, নাচোল থানার পুলিশ সদস্য মোঃ শওকত আলী থানার নষ্ট একটি গাড়ির জন্য মোবিল নিতে স্লিপ জমা দিয়ে পাম্পে অপেক্ষা করছিলেন। এ সময় ফিলিং স্টেশনের মালিক, সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আশরাফ হোসেন আলিমের ছেলে আব্দুল্লাহ আল রায়হান তাকে সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শওকত আলী নিজের পরিচয় পুলিশ সদস্য হিসেবে জানালে অভিযুক্ত রায়হান তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। এরপরও তিনি নিজের পরিচয় পুনরায় দিলে আরও ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রত্যক্ষদর্শী আরিফ জানান, আমি দূর থেকে দেখেছি, পাম্পে দাঁড়িয়ে থাকা অবস্থায় রায়হান ওই পুলিশ সদস্যকে মারধর করেন। পরে আহত শওকত আলীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শহিদুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।