এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বনকুল এলাকায় এ অভিযান পরিচালনা করে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বনকুল আদিনা কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে মো. বাবু ইসলাম ওরফে বাবু (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনের ভেতরে রাখা চারটি নীল প্যাকেট থেকে মোট ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে র্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।