( মোঃ রাসেল হোসেন মেহেন্দীগঞ্জ উপজেলা প্রতিনিধি)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরহোগলায় দুর্বৃত্তরা বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে।
একই রাতে প্রায় ১ কিলোমিটার এলাকার বিদ্যুতের ক্যাবল কেটে লুট করেছে চোরচক্র। এতে ওই এলাকার ৩৬টি পরিবার গত শুক্রবার রাত থেকে অন্ধকারে মানবেতর জীবনযাপন করছে।
তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ফ্যান-লাইট বন্ধ, পানির মোটর চলছে না, ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে যাচ্ছে।
ভুক্তভোগী ইউনুস মুন্সি বলেন, “আমরা ৩৬টি পরিবার এখন অন্ধকারে কাতরাচ্ছি। দুই দিন ধরে বাচ্চাদের নিয়ে ঘুমাতে পারছি না। ফ্রিজের মাছ-মাংস সব পচে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য শামিম ভূইয়া বলেন, এই যেন মরার উপর খাড়ার ঘা। একদিকে তীব্র গরমে লোডশেডিং, অপরদিকে ট্রান্সফরমার চুরি। এলাকার মানুষের দুর্ভোগের চিন্তা করে দ্রুত সমাধানের দাবি জানাই।
মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ বলেন, “তদন্ত সাপেক্ষে চোর চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ নতুন একটি ট্রান্সফরমার সংযোগ দিয়ে দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছি।
পল্লী বিদ্যুতের এজিএম মোঃ ফিরোজ হোসেন জানান, “সংবাদ পেয়ে আমাদের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নতুন ট্রান্সফরমারের ব্যবস্থা করা হচ্ছে, তবে এটি স্থাপন সময়সাপেক্ষ।
ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত জড়িত চোরচক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, রাতের বেলা নিয়মিত টহল না থাকায় বারবার চুরির ঘটনা ঘটছে।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।