অনলাইন ডেস্ক রিপোর্টঃ
বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার নতুন রাজনৈতিক দল এনসিপিতে (ন্যাশনাল সিটিজেন পার্টি) যোগ দিয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-তে অনুষ্ঠিত ‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দেন।
একই অনুষ্ঠানে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং রেল খাতে অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি-ও এনসিপিতে যোগ দেন।
এছাড়া, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা-ও এনসিপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন। তবে বিদেশে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন যোগ দেওয়া নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দিয়েছিলেন।