এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলার মোট লক্ষ্যমাত্রা ২ লাখ ১ হাজার ৮৯৭ জনের বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৫ হাজার ২৪৩ জন এবং এ পর্যন্ত টিকা গ্রহণ করেছে ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন, যা লক্ষ্যমাত্রার তুলনায় সন্তোষজনক অগ্রগতি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ৯৯৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পূর্বে ভর্তি ছিলেন ৮৫ জন এবং নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন। একই সময়ে ৩৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৯০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী নেই, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং সদর হাসপাতালে ৮৬ জন চিকিৎসাধীন। ল্যাব পরীক্ষার জন্য ১৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় সন্দেহজনক ভাবে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হবে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।