এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট হামের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে বর্তমানে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। ২৩ এপ্রিল ২০২৬ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬০ হাজার ৯৫২ জন। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৫৯ হাজার ১৯৫ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় শতভাগের কাছাকাছি।
অন্যদিকে, জেলায় হামের সন্দেহজনক রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৩ জনে। এর মধ্যে পূর্বে ভর্তি ছিল ৭৯ জন এবং নতুন করে ভর্তি হয়েছে ২৬ জন। এছাড়া ১৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। তবে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮২ জন রোগী। উপজেলাসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা বর্তমানে ৮৫ জন।
এছাড়া, জেলায় মোট ১৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
এদিকে, জেলায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনকভাবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে, যা জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে টিকা প্রদানের আহ্বান জানানো হয়েছে।