এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরের আগে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে বমি, পেটব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে নেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত ফিডিং কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছিল। তবে খাবার থেকে দুর্গন্ধ আসছিল বলে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে। এরপরও কিছু শিক্ষার্থী খাবার গ্রহণ করলে তারা অসুস্থ হয়ে পড়ে। অভিভাবকদের অভিযোগ, নিম্নমানের ও পচা খাবার সরবরাহের কারণেই এ ঘটনা ঘটেছে। তারা দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, গত কয়েকদিন ধরেই তাদের নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হচ্ছিল। বুধবার সেই খাবার খাওয়ার পর হঠাৎ করেই প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে কয়েকজন বিদ্যালয়ে ফিরে এলেও অধিকাংশকে পরিবারের সদস্যরা বাড়ি বা চিকিৎসার জন্য নিয়ে গেছেন। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।