এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
পূবালী ব্যাংক পিএলসি’র দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে শহরের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসে ১০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল কৃষ্ণচূড়া, কদম, পলাশসহ বিভিন্ন ঔষধি গাছ। বৃক্ষরোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি এবং পূবালী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, সিনিয়র অধ্যাপক শাহীন শওকত, ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নূরুল ইসলাম, আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মাহফুজুল হাসান ডনসহ অন্যান্য শিক্ষক কর্মচারীরা। অনুষ্ঠানে অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতির সজীবতা ধরে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পূবালী ব্যাংকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পূবালী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থানে বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শাহনেয়ামতুল্লাহ কলেজে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।