এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর জেলায় মোট ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে ১৭ হাজার ৭৭১ জন শিক্ষার্থী। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৪টি কেন্দ্রে এসএসসি সাধারণ শাখায় ১২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়া দাখিল পরীক্ষায় ৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৩ হাজার ৪২২ জন পরীক্ষার্থী। অন্যদিকে ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৫টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১ হাজার ৪১৬ জন শিক্ষার্থী।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রেই পরিদর্শকদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত তদারকি করছেন। এছাড়া প্রতিটি পরীক্ষা কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, সকল কেন্দ্রে কঠোর নজরদারির মাধ্যমে পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা হবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও স্বস্তি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।