এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৪ হাজার ৯০০ হেক্টর জমির আম বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দিবাগত রাতে জেলার পাঁচটি উপজেলার উপর দিয়েই বয়ে যাওয়া ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্যা ফলসহ বিভিন্ন ফসলের। রোববার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সোয়া ১২ দিকে ঝড় বৃষ্টি শুরু হয়। বিভিন্নস্থানে প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয় কালবৈশাখী ঝড়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আম বাগান। বিপুল পরিমাণ আম ঝরে গেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙ্গে পড়েছে। এমনকি কোথাও কোথাও পুরো গাছ উপড়ে গেছে। এছাড়াও লিচুসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াছিন আলী বলেন, জেলার পাঁচ উপজেলায় গড় বৃষ্টিপাত ১৭ দশমিক ৪ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সদর উপজেলায়, ২০ মিলিমিটার। ৫ উপজেলাতেও ঝড় হলেও আমের ক্ষতি হয়েছে শুধু শিবগঞ্জ উপজেলায়। এ উপজেলার ৪ হাজার ৯০০ হেক্টর জমির আম বাগান ঝড়ে আক্রান্ত হয়েছে। এছাড়াও কালবৈশাখী ঝড়ে কলা, ভুট্টা, বোরোধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ের কারণে জেলার বিভিন্ন এলাকায় ৮ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।