মোঃজহির খান,জেলা প্রতিনিধি ফেনী
ছাত্ররাজনীতির উত্তাল দিনগুলোতে যিনি ছিলেন সাধারণ কর্মীদের নির্ভরতার প্রতীক, সেই এস এম আরিফ আজ আইন পেশার সম্মানজনক মঞ্চে পদার্পণ করেছেন। ১০ নং ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক এই সফল সাধারণ সম্পাদকের ‘অ্যাডভোকেট’ সনদ প্রাপ্তিতে তাকে ঘিরে যেন পুরোনো দিনের সোনালী স্মৃতির রোমন্থন ঘটল। সম্প্রতি ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের আয়োজনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আরিফ কেবল একজন রাজনৈতিক কর্মী নন, তিনি ছিলেন নিষ্ঠার প্রতীক। ছাত্রদলের দায়িত্ব পালনের সময় তিনি যে সততা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা আজও আমাদের অনুপ্রাণিত করে। আইন পেশায় তার এই নতুন যাত্রা কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের ইউনিয়ন ও রাজনৈতিক সংগঠনের জন্যও গর্বের।’
দীর্ঘদিন পর পুরোনো সতীর্থদের একত্রিত হওয়ার এই অনুষ্ঠানটি ছিল অনেকটা পুনর্মিলনীর মতো। অনুষ্ঠানে এস এম আরিফ তার বক্তব্যে বলেন, ‘ছাত্ররাজনীতি আমাকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে, আর আইন পেশা আমাকে সেই সেবা বাস্তবায়নের আইনি শক্তি দেবে। আমার এই অর্জনে পুরোনো সহযোদ্ধাদের এই ভালোবাসা ও সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।’