এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এম এম হক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জোবেদ আলী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনাটি ছিল বিশেষ আকর্ষণ, যা শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এম এম হক আইডিয়াল স্কুল শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রশংসনীয় ভূমিকা রাখছে।” অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।