এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকার দামুসের বিল মরিচার দাড়ায় দীর্ঘদিন ধরে চলমান সেচ সমস্যার কথা শুনে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। পরিদর্শনকালে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির বিষয়টি সরাসরি শোনেন। কৃষকরা জানান, খাল ভরাট ও পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জমিতে সঠিকভাবে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে। এ সময় এমপি বুলবুল তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বিশেষভাবে খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য বলেন, কৃষকদের সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং যাতে ভবিষ্যতে এ ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় কৃষকরা এমপি’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।