নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এলাকায় ফিরে এক বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় তার হাত ও পা ভেঙে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহসিন কবির (৩৫) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন কবির শ্রীউলা ইউনিয়নের বাসিন্দা এবং তিনি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহতের অভিযোগ, সম্প্রতি এলাকায় ফিরে আসা প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি পূর্বের রাজনৈতিক বিরোধের জেরে তার ওপর অতর্কিত হামলা চালায়। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।
স্থানীয়দের দাবি, অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং অতীতেও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।