এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় কনজারভেন্সি ইন্সপেক্টর বাইরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এবং রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, বাইরুল ইসলাম তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে পৌরসভার পরিচ্ছন্নতা ও সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর এ অবদান সহকর্মীদের জন্য ভবিষ্যতেও অনুপ্রেরণা হয়ে থাকবে।
সংবর্ধিত অতিথি বাইরুল ইসলাম বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের শেষে অবসরজনিত প্রাপ্য সুবিধার অংশ হিসেবে তাঁকে একটি চেক হস্তান্তর করা হয় এবং বিদায়ী স্মারক প্রদান করা হয়।