অনলাইন ডেস্ক রিপোর্টঃ
রাজধানীতে অভিযান চালিয়ে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডি এলাকার ৮/এ রোডে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডিবি সূত্র জানিয়েছে, বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
রাজনৈতিক প্রেক্ষাপট
শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।
এ ঘটনায় নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী বক্তব্যের দিকে এখন সবার নজর।