অনলাইন ডেস্ক রিপোর্টঃ
রাজধানী ঢাকার ভেতরে নির্ধারিত তিনটি বাস টার্মিনাল ছাড়া অন্য সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ নির্দেশ বাস্তবায়নে সাত দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
রোববার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার কাউন্টার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গাবতলী, মহাখালী ও সায়দাবাদ—এই তিনটি নির্ধারিত টার্মিনাল ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত সব কাউন্টার সরিয়ে নিতে হবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীনভাবে আন্তঃজেলা বাস কাউন্টার স্থাপন, যাত্রী ওঠানামা এবং সড়কে এলোমেলো পার্কিংয়ের কারণে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এমনকি রাতের বেলাতেও সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
ডিএমপি আরও জানায়, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, যানজট কমানো এবং নগরবাসীর জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।