এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) । শনিবার (৪ এপ্রিল ) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জেলার নাচোল থানাধীন নাসিরাবাদ গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি শ্রী বিশ্বনাথ মন্ডল (৬০)। তিনি নাসিরাবাদ গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। তার পিতা মৃত ঝাপু মন্ডল ও মাতা মৃত উষা রানী। অভিযানকালে তার কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।