এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা মাসুদা খাতুন (২ বছর ৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মাসুদা খাতুন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নইমুর ইসলামের মেয়ে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুমালী খাতুন জানান, সকালে গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ওয়ার্ডে ভর্তি করার জন্য পাঠানো হলেও ওয়ার্ডে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ শিশু। বর্তমানে মোট ৪৬ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৩৪৯ জন শিশু।হামের উপসর্গ নিয়ে মোট মারা গেছে ৭ জন। এতে করে জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ থেকে বাঁচতে হলে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।