এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলে চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্কুল বন্ধ থাকায় গত ১৭ মার্চ ২০২৬ তারিখে স্কুলের তৃতীয় তলার মাল্টিমিডিয়া ক্লাসরুমে অজ্ঞাতনামা চোরেরা চুরি সংঘটিত করে। এ সময় অফিস কক্ষের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়।চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি, একটি আইপিএস ব্যাটারি, একটি আইপিএস মেশিনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মো. হাফিজউদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী ৩০ মার্চ রাতে শহরের বাতেন খাঁ মোড়ে অভিযান চালিয়ে আব্দুল্লাহ (২৯) নামে এক চোরকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের আরামবাগ এলাকার রহিম আলীর বাড়ি থেকে চুরি হওয়া টেলিভিশনগুলো উদ্ধার করা হয়। চোরাই মালামাল কেনার অভিযোগে রহিম আলী (৪৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ রামকৃষ্টপুর বানিপাড়া এলাকার বাসিন্দা এবং রহিম আলী আরামবাগ মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা। উভয়েই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অধিবাসী।
এসআই পলাশ অধিকারী জানান, চুরি হওয়া ৩টি টেলিভিশন উদ্ধার করা হয়েছে এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।