মোহাম্মদ করিম লামা-আলীকদম প্রতিনিধি -
বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ বর্তমানে দেশের জিমন্যাস্টিকস অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করিয়াছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, দক্ষ কোচিং এবং সুদূরপ্রসারী পরিকল্পনার সমন্বয়ে প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের এক অনন্য নজির গড়িয়াছে।
উল্লেখ্য, ২০১২ খ্রিস্টাব্দে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সহযোগিতায় “আমরা পারি জিমন্যাস্টিকস” কার্যক্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানে জিমন্যাস্টিকসের যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এই উদ্যোগ ব্যাপক সাড়া জাগাইতে সক্ষম হয় এবং ক্রমে জাতীয় পর্যায়ে শক্ত অবস্থান প্রতিষ্ঠা করে।
২০১৩ হইতে ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টগণ সর্বমোট ৫৫৬টি পদক অর্জন করিয়াছে; যাহার মধ্যে ২১৮টি স্বর্ণ, ১৮৯টি রৌপ্য এবং ১৪৯টি ব্রোঞ্জ পদক উল্লেখযোগ্য। ইহা ব্যতীত আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণ করিয়া প্রতিষ্ঠানটি আরও ৩৪টি পদক অর্জন করিয়া দেশের জন্য গৌরব বয়ে আনিয়াছে।
২০২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জাতীয় যুব ও সিনিয়র জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় দলগত ও ব্যক্তিগত উভয় বিভাগে চ্যাম্পিয়ন হইয়া প্রতিষ্ঠানটি তাহাদের অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য সুপ্রতিষ্ঠিত করিয়াছে। একই সঙ্গে সিঙ্গাপুর ওপেনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া শিক্ষার্থীগণ উল্লেখযোগ্য সাফল্য প্রদর্শন করিয়াছে।
বর্তমানে জাতীয় দলের হাইপারফরমেন্স ক্যাম্পে অবস্থানরত অধিকাংশ জিমন্যাস্টই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যাহা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ব্যবস্থার উৎকর্ষতার সুস্পষ্ট প্রমাণ বহন করে।
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অভিমত, আধুনিক জিমনেসিয়াম, অভিজ্ঞ প্রশিক্ষক এবং সুশৃঙ্খল অনুশীলন ব্যবস্থার ফলে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ আজ দেশের জিমন্যাস্টিকস অঙ্গনে এক “বাতিঘর” রূপে আত্মপ্রকাশ করিয়াছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান হইতে আরও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়িয়া উঠিবে এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট মহলের।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.