মোঃ আসিফুজ্জামান আসিফ নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাই উপজেলায় যোগদানের মাত্র তিন মাসের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ সালমান হাবীবকে বদলি করা হয়েছে। হঠাৎ এই বদলিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজ ও প্রশাসনিক মহলে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই প্রশাসনিক কার্যক্রমে সক্রিয়তা, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে এলাকায় একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।
স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে সরেজমিনে তৎপরতা দেখান। বিশেষ করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করেন তিনি। এসব অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের কারাদণ্ড দেওয়ার ঘোষণাও দেন। তার এই অবস্থানকে অনেকেই সাহসী পদক্ষেপ হিসেবে দেখছিলেন।
এদিকে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের ফলে স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় তার উদ্যোগকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করলেও এর মধ্যেই হঠাৎ তার বদলির নির্দেশ জারি হওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বও উপজেলা নির্বাহী কর্মকর্তা পালন করে থাকেন। স্থানীয় সরকার ব্যবস্থার নানা সেবা, উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত অনেক কার্যক্রম ইউএনওর তত্ত্বাবধানেই পরিচালিত হয়। ফলে এ গুরুত্বপূর্ণ পদে স্বল্প সময়ের ব্যবধানে বারবার কর্মকর্তা বদলি হলে প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে মনে করছেন স্থানীয়রা।
ধামরাইয়ের বেশ কয়েকজন সচেতন নাগরিক বলেন, একজন কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর এলাকার সমস্যা বোঝা ও কার্যকর উদ্যোগ নিতে কিছুটা সময় লাগে। কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলি হয়ে গেলে চলমান কার্যক্রমের ধারাবাহিকতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এতে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, একজন কর্মকর্তা যখন দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, তখন তার এমন হঠাৎ বদলি সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি করে। তাই এ ধরনের আকস্মিক বদলির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন বলে তারা মনে করছেন।
এদিকে ধামরাইবাসীর অনেকেই আশা করছেন, নতুন করে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.