নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়া কিংবা সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ সারি দেখা যায়—এমন প্রচলিত রেওয়াজে পরিবর্তন আনছে সরকার। এখন থেকে প্রধানমন্ত্রীর বিদায় ও আগমনের সময় সীমিত সংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার (৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরের সময় এবং দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে নির্ধারিত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। তাদের মধ্যে থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এ সংক্রান্ত ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা পূর্বের সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.