আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র সাইপ্রাস অভিমুখে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলে। সাইপ্রাসে বর্তমানে হাজারো ব্রিটিশ সেনা অবস্থান করছে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়নি। তবে একটি রাষ্ট্রের ক্রমবর্ধমান আক্রমণাত্মক আচরণ পুরো অঞ্চলে বাস্তব হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান জন হিলে।
এছাড়া শনিবারের হামলায় ইরান থেকে নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র বাহরাইন-এ অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ মিটার দূরত্বে আঘাত হানে বলেও দাবি করা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার জবাবে তারা ‘ষষ্ঠ ধাপের অভিযান’ পরিচালনা করছে।
আইআরজিসি দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় বৃহৎ পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিব-এর হাকিরিয়া এলাকায় অবস্থিত সামরিক কমান্ড সদর দপ্তর এবং একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়।
তবে এসব হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।