নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মনিরুল ইসলাম নামের একজনকে সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এই দণ্ড প্রদান করে। মনিরুল নিজেকে বেসরকারি চ্যানেল এসএ টিভির সাংবাদিক পরিচয় দিয়ে তিন জন সেবাগ্রহীতার কাছ থেকে মোট ৩৯ হাজার টাকা নেন। পরে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ সন্দেহ হওয়ায় তাকে আটক করে। চ্যানেল কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, মনিরুল তাদের কর্মী নন।
অভিযানে আটক আরও একজন, মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন, নিজেকে ‘বাংলা সংবাদ’ পত্রিকার সম্পাদক বলে পরিচয় দিয়ে চাঁদা দাবি করছিলেন। গোপন ক্যামেরায় ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ বলেন, সরকারি সেবা নিতে আসা মানুষের সঙ্গে প্রতারণার সুযোগ আমরা কোনো ভাবেই দেই না এবং ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতা রোধে কঠোর
থাকব।