মোঃ সিরাজুল ইসলাম লালমনিহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে কালীগঞ্জ উপজেলা-এর চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৮২টি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়।
ডিবির একটি আভিযানিক দল বুধবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা এবং বিভিন্ন আইডি কার্ড দিয়ে সিম বিক্রির মাধ্যমে যুব সমাজকে জুয়ার সঙ্গে সম্পৃক্ত করার প্রমাণ পাওয়া যায়।
প্রাথমিকভাবে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লতাবর ঢাকাইয়াটারী এলাকায় অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম আরিফুল (২৪) নামের আরও দুইজনকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মোবাইল ফোনে ২৩টি অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল ছিল। উদ্ধার করা সিম কার্ড দিয়ে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যা জুয়ার লেনদেনে ব্যবহৃত হতো।
এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডিবির অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানান, অনলাইনে জুয়া ও অবৈধ সিম বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।