আফজালুর রহমান উজ্জল বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে শুভ মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। পরিবার জানিয়েছে, ঈদের পর তিনি প্রবাসে যাওয়ার কথা ছিল।
ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর বোয়ালিয়ার চর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বসতঘরে ঢিল দেওয়ার ঘটনায় শুভ মিয়া ও প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদ মিয়া (১৮)-এর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে শুভ মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত রিয়াদ মিয়া পালিয়ে গেছে।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক লিমন বোস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।