ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ–এর পক্ষে কাজ করার জেরে উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদারকে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগী আবদুল মান্নান তালুকদার বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী–কে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গৌরীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড রেলক্রসিং এলাকা দিয়ে সিএনজিযোগে যাওয়ার সময় তাকে জোরপূর্বক নামিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় এবং জনসম্মুখে অপদস্থ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আবদুল মান্নান তালুকদার দাবি করেন, তিনি নির্বাচনে ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। এ কারণেই তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে তার অভিযোগ।
তবে অভিযুক্ত শাহী মুনশী অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে বক্তব্য জানতে ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন–এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, ঘটনার পর রাতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.