গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য ও যুবনেতা কাকন মিয়া–এর ওপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় তাকে নির্মমভাবে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গাইবান্ধা জেলা যুবদল–এর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু–এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে
বক্তারা বলেন, পূর্বের পরিকল্পিত এই বর্বর সশস্ত্র হামলা গণতান্ত্রিক রাজনীতি ও যুবদলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা মাত্র। সমাবেশে তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এছাড়া বক্তারা আরও বলেন, যুবদলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার বিরুদ্ধে সংগঠন ঐক্যবদ্ধ ও প্রতিবাদে সোচ্চার থাকবে। আহত যুবনেতা কাকন মিয়ার দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা প্রত্যাশা করেন তারা।
সমাবেশে পলাশবাড়ী উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।