স্টাফ রিপোর্টারঃ: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে নওগাঁর সাপাহারে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সাপাহার উপজেলা শাখার ব্যানারে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও তা এখনও কার্যকর করা হয়নি। অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অবস্থান কর্মসূচি চলাকালীন কর্মচারীরা তাদের দাবি সংবলিত বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিপুল সংখ্যক কর্মচারী উপস্থিত ছিলেন।