হুমায়ুন রশিদ জুয়েল | স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পারিবারিক কলহের জেরে পুত্রের হাতে পিতা নির্মমভাবে নিহত হয়েছেন। নিহতের নাম রমজান মিয়া (৫০)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জুয়েল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে তাড়াইল থানা পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে তাড়াইল উপজেলার দরিজাহাঙ্গীরপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রমজান মিয়া একই গ্রামের বাসিন্দা। এর আগে বাজারে ভেড়া ও ছাগল বিক্রির টাকা ছেলেকে দেওয়া–না দেওয়া নিয়ে বাবা–ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি নিয়ে দিনের বেলা ঝগড়ার পর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে বাবার ওপর একাধিকবার আঘাত করে।
এতে ঘটনাস্থলেই রমজান মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ছেলেকে আটক করে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।
ওসি জালাল উদ্দীন জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্ত যুবক মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।