নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের আপত্তির মুখে অনলাইনের মাধ্যমে সাংবাদিক কার্ড প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতেই সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সাংবাদিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে আগের ব্যবস্থায় ফেরার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে সাংবাদিকরা আগের নিয়মেই আবেদন করে কার্ড ও স্টিকার পাবেন।
এর আগে একই দিন সকালে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অনলাইন আবেদনের বিভিন্ন জটিলতা ও ত্রুটি তুলে ধরে তা সংশোধনের দাবি জানানো হয়। সিইসি বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে ইসি সচিব জানান, ইতোমধ্যে যারা অনলাইনে আবেদন করেছেন এবং যেগুলো অনুমোদিত হয়েছে, সেগুলো বহাল থাকবে। তবে নতুন করে আর অনলাইনে নিবন্ধনের প্রয়োজন হবে না। আগের ম্যানুয়াল পদ্ধতিই পুনরায় কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি আবার চালু করতে কিছুটা সময় লাগবে। সময় নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে অগ্রগতি জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.