মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
বাংলাদেশের প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারের যে নিরব সংগ্রাম অব্যাহত রয়েছে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত শিলেরতুয়া মডেল উচ্চবিদ্যালয়। বান্দরবান জেলার লামা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে একটি আদর্শ ও অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষা নিশ্চিত করার মহৎ লক্ষ্য নিয়ে ২০২৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলাউদ্দিন এবং প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা সীমাবদ্ধতা, আর্থিক সংকট ও প্রতিকূলতার মধ্য দিয়ে বিদ্যালয়টির পথচলা শুরু হলেও অদম্য প্রত্যয়, আন্তরিক ব্যবস্থাপনা ও এলাকাবাসীর সহযোগিতায় আজ এটি একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১৮০ জন ছাত্রছাত্রী নিয়মিত অধ্যয়ন করছে, যা এলাকাবাসীর আস্থা, বিশ্বাস ও আগ্রহের সুস্পষ্ট প্রতিফলন।
এই অগ্রযাত্রার নেপথ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিদ্যালয়ের দক্ষ, পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বর্তমানে শিলেরতুয়া মডেল উচ্চবিদ্যালয়ে ১০ জন শিক্ষক-শিক্ষিকা এবং ১ জন অফিস সহকারী নিষ্ঠা ও সততার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের দক্ষ নেতৃত্ব, সুপরিকল্পিত ব্যবস্থাপনা ও শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির কারণে বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম ক্রমান্বয়ে গতিশীল ও ফলপ্রসূ হয়ে উঠছে।
পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষকদের আন্তরিকতা, আদর্শিক শৃঙ্খলা ও নিয়মিত তদারকির ফলে শিক্ষার মান দিন দিন আরও উন্নত হচ্ছে।
সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ, নিয়মিত পাঠদান ও শিক্ষাবান্ধব ব্যবস্থাপনার কারণে বিদ্যালয়টি ইতোমধ্যে এলাকায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ, পাঠদানের মান ও শৃঙ্খলা নিয়ে এলাকার সচেতন মহল এবং অভিভাবকবৃন্দ সন্তোষ ও আস্থার সঙ্গে তাঁদের মতামত ব্যক্ত করছেন।
যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও বিদ্যালয়টি অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থিত। ফলে আশপাশের বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা কোনো ধরনের যানবাহন ভাড়া ছাড়াই স্বল্প খরচে এবং নিরাপদভাবে বিদ্যালয়ে যাতায়াত করে পড়াশোনার সুযোগ পাচ্ছে। এতে করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষাগ্রহণ আরও সহজ ও সুগম হয়েছে।
বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষেই পাঠ সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, যাতে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ না পড়ে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ব্যবস্থা রয়েছে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর শিক্ষার্থীদের জন্য আয়োজিত বার্ষিক বনভোজন তাদের মধ্যে আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
সব মিলিয়ে শিলেরতুয়া মডেল উচ্চবিদ্যালয় আজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং প্রান্তিক জনগোষ্ঠীর ভবিষ্যৎ নির্মাণের এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল। প্রয়োজনীয় দিকনির্দেশনা, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনে এই বিদ্যালয়টি আরও বৃহৎ পরিসরে এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.