মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি
পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয়ে আলীকদম সেনা জোনের উদ্যোগে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম কমলাবাগান এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২১ জানুয়ারি বুধবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত আলীকদম সেনা জোনের আওতাধীন কমলাবাগান এলাকার মার্মা, চাকমা ও ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত তিনটি পাহাড়ি পাড়ায় বসবাসরত মোট ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
উক্ত মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৮৮৭ লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। অনুষ্ঠানের সূচনালগ্নে স্থানীয় জনগণ তাঁকে ফুলের মালা পরিয়ে আন্তরিকভাবে বরণ করে নেয়। এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা পাহাড়ি সংস্কৃতির বৈচিত্র্য ও সৌহার্দ্যের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
এ সময় এলাকাবাসী জোন কমান্ডারকে নিজেদের মাঝে পেয়ে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার ফলে বর্তমানে তাঁরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন।
শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিনি পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং পাহাড়ি সন্ত্রাসী ও সশস্ত্র গোষ্ঠীর যেকোনো তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি দৃঢ় কণ্ঠে পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতে যেমন জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও সর্বদা পাহাড়ি জনগোষ্ঠীর পাশে থেকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.