শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশাসনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বর্তমান নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, “আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি, যারা অলরেডি বায়াসড (পক্ষপাতদুষ্ট)।” তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমার এক অপরাধের বিরুদ্ধে (যদি হয়ে থাকে) তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোকসভার নামে বিশাল সমাবেশ করছেন, স্টেজ ও মাইক ব্যবহার করছেন, এমনকি গরু জবাই করে খাওয়াচ্ছেন; কিন্তু তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
সম্প্রতি এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তর্কে জড়িয়ে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানো’র অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এ রকম দেখায় বলে উদাহরণ দিয়েছি মাত্র।”
তিনি আরও জানান, সোমবার সকালে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না বা কত টাকা জরিমানা করা হয়েছে তা জানতে চেয়েছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার কোনো তথ্য দিতে পারেননি।
এদিকে, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তিনি ফেসবুকের মাধ্যমে চিঠির খবর পেয়েছেন এবং নির্ধারিত সময়ে তার আইনজীবীরা এর আইনি জবাব দেবেন। তবে নির্বাচনী প্রচার শুরুর আগে এ ধরনের শোকজ নোটিশ প্রদানের আইনি যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
উক্ত মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং প্রার্থীর বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.