মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি ঃ-
বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে লামা বন বিভাগের রেস্ট হাউজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। সভাপতিত্ব করেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে. এম. কবির উদ্দিনসহ বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত লোকজনও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম বন্যহাতি সংরক্ষণ ও মানুষ হাতির সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “হাতিকে আঘাত না করলে হাতি কখনো মানুষকে আঘাত করে না। আপনারা কি কখনো শুনেছেন বন বিভাগের কোনো কর্মচারীকে বন্যপ্রাণী আক্রমণ করেছে?”
তিনি আরও বলেন, বন ও বন্যপ্রাণী রক্ষায় মানুষের সচেতনতা ও সহনশীলতা অপরিহার্য। মানুষের অবিবেচনাপ্রসূত আচরণই অধিকাংশ সময় মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায়। বন্যহাতি আমাদের প্রাকৃতিক ঐতিহ্য; এদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
সভাপতির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক উদ্যোগ। পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন।
এই আয়োজন বন্যহাতি সংরক্ষণ, মানুষ প্রকৃতির সহাবস্থান এবং টেকসই বন ব্যবস্থাপনার ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.