এম এ হাসান, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার দক্ষিণ মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ পাটোয়ারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবন শেষে এটি ছিল তার শেষ কর্মদিবস।
বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন।
সংবর্ধিত প্রধান শিক্ষক মো. সিরাজ পাটোয়ারী বলেন, শিক্ষকতার শুরু থেকে সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের সর্বোচ্চ মমতায় আগলে রেখেছি। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে চলেছি। তারপরও অনিচ্ছায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চাচ্ছি। অবসরের পরবর্তী জীবন সুন্দর কাটানোর জন্য সবার দোয়া কামনা করছি। পাশাপাশি বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে কর্মরত শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল বশার, দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. হাসান সুমন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-নয়নসহ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.