বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি। মোঃসানি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে শতাধিক ইটভাটা। অধিকাংশ ইটভাটা গুলোই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন। উপজেলায় সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে কলসকাঠী ইউনিয়নে। প্রতিবছর এসব ইট ভাটায় ইট প্রস্তুতের বেশিরভাগ মাটি সংগ্রহ করা হয় বিভিন্ন নদীর চরের মাটি কেটে। আর নদীর চরের মাটি লুট কে কেন্দ্র করে এই উপজেলায় গড়ে উঠেছে ভয়ংকর সিন্ডিকেট।
অভিযোগ রয়েছে, কলসকাঠী ইউনিয়নের নদীর মাটি লুট কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বাকেরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহরাব হোসেন খান, কলসকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: সেলিম মৃধা, কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব খান, কসকাঠী ইউনিয়ন যুব সংহতির সভাপতি আলমাস মোল্লা, কলসকাঠী ইউনিয়ন যুব সংহতির সহ-সভাপতি মো: বাদল শিকদার। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভেকু ও ডাম্পার ব্যবহার করে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে নদীর পাড় ধসে পড়ছে এবং অবকাঠামোতে ফাটল দেখা দিয়েছে।
গত কয়েক বছর ধরে এই সিন্ডিকেট নদী থেকে মাটি লুট করে আসছে। গত ২৭ আগস্ট (বুধবার) গভীর রাতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেন। আটককৃতরা বর্তমানে জেলহাতে রয়েছে। এই সিন্ডিকেটের পাঁচজন গ্রেপ্তার হলেও মূল হোতা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। যে কারণে নদী থেকে মাটি লুট এখনো বন্ধ হয়নি। এখনো প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন নদী থেকে চলছে মাটি লুটের মহোৎসব।
এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি লুটপাটে সবাই মিলেমিশে একাকার হয়ে পড়েছে। মাটি লুটের সিন্ডিকেটের ধরনও পাল্টে গেছে। বিএনপি'র স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা রাজনৈতিক পরিচয় দিয়ে মাটিখেকোদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে নদীর চরের মাটি লুট করার সুযোগ করে দিচ্ছে।
স্থানীয়রা জানান, এই সিন্ডিকেট গত দুই বছর ধরে দিনরাতে ভাসমান পল্টন ও ভেকু মেশিন ব্যবহার করে বিভিন্ন নদীর চরে থেকে মাটি লুট করে আসছে। এ তাণ্ডব ঠেকাতে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকায় ছিল। কয়েক দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাটি লুটপাটের অসংখ্য নিউজ প্রকাশ করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে তারা অবৈধ ভেকু মেশিন ও ভাসমান পল্টন জব্দ করেনি। যে কারণে নদী থেকে মাটি লুট এখনো বন্ধ হয়নি।
কলসকাঠীর বাগদিয়া গ্রামের স্থানীয় কৃষক, মো: ডালিম প্যাদা, রফিক হাওলাদার, আ: রব হাওলাদার জনকণ্ঠকে জানান, নদী থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে বাধা দেওয়ায় জাতীয় পার্টির নেতা সেলিম মৃধা ও রাকিব খান আমাদের উপরে হামলাও করেছে। যেই হামলার ঘটনায় আমার এক ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, গত বছর ৫ই আগস্টের পরে এই সিন্ডিকেটের মধ্যে নদীর মাটি লুটের প্রায় ৩ কোটি টাকা ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টির নেতা সেলিম মৃধা, রাকিব খানের সাথে স্থানীয় হাফেজ খান, ইউনুস খানের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ হয়। সেলিম মৃধা ও রাকিব খান হাফিজ খানের পাওনা ৬৪ লাখ টাকা আত্মসাৎ করেন। তখন থানা পুলিশ অবৈধ টাকার ভাগাভাগি নিয়ে থানায় দফায় দফায় বৈঠক করেন। যে বৈঠকে পুলিশ টাকা খেয়ে মাটি লুট সিন্ডিকেটের পথ প্রশস্ত করে দেয়। পরবর্তীতে হাফেজ খান ও ইউনুস খানকে একটি হত্যা মামলায় ফাঁসিয়ে দেয় প্রতিপক্ষ সেলিম মৃধা ও রাকিব খান। হাফেজ খান ও ইউনুস খান ওই মামলা গ্রেপ্তার হলে জাতীয় পার্টি নেতা সেলিম মৃধার নেতৃত্বে তাদের দোকানপাট ভাঙচুরও লুটপাট চালায়। এরপর থেকেই জাতীয় পার্টির নেতা সেলিম মৃধার সিন্ডিকেট আরো ভয়ংকর হয়ে ওঠে।
অনুসন্ধানে আরো জানা যায়, এই সিন্ডিকেট শুধু কলসকাঠী ইউনিয়নেই নয়। এমন সিন্ডিকেট রয়েছে, নলুয়া, কবাই, দুর্গপাশা, ফরিদপুর ও চরাদী ইউনিয়নের।
সম্প্রতি বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী ও কবাই ইউনিয়নের লক্ষীপাশা গিয়ে দেখা যায়, নদীর পাড় থেকে শত শত বিঘা ফসলি জমি ও নদীর চর থেকে মাটি কাটায় বসতভিটা ও ফসলি জমি নদী ভাঙ্গনের মুখে পড়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ভাসমান পল্টুনের সাহায্যে বিভিন্ন ইটভাটায় নিয়ে বিক্রি করে আসছে ঐ সিন্ডিকেট। অভিযানে মাটিকাটার শ্রমিকরা গ্রেপ্তার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে সিন্ডিকেটের মূল হোতা।
এই সিন্ডিকেটের মাধ্যমে গত দুই বছরে নদীর চর থেকে কি পরিমাণ মাটি লুট হয়েছে, তার কোনো পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই। স্থানীয়দের ধারণা, কলসকাঠী, নলুয়া, কবাই ইউনিয়নের বিভিন্ন নদী থেকে ২০ কোটি টাকার বেশি মাটি লুট হয়েছে। এভাবে চলতে থাকলে এসব ইউনিয়ন নদী ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বিপর্যয় ঘটবে পরিবেশের।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজ বলেন, প্রশাসনের পক্ষ থেকে বছরজুড়েই অবৈধ মাটি ও বালু কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তারপরও আমাদের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র মাটি কেটে বিক্রি করছে। অতি শীঘ্রই নদীর চরের মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.