এম এ হাসান,লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোালার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ ফখরুল আলম জাহাঙ্গীর আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভোগার পর বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
মরহুম ফখরুল আলম জাহাঙ্গীর ছিলেন তজুমদ্দিনের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। চার দশকেরও বেশি সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিবেদিত ছিলেন। সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূলের মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি জনমানসে শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন।
চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন তিনি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়ন সাধন করেন। দরিদ্র ও অসহায় জনগণের জন্য নানা কল্যাণমূলক উদ্যোগ তার জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছিল।
তার মৃত্যুতে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের কর্মময় জীবনের কথা স্মরণ করে শোকবার্তা জানাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফখরুল আলম জাহাঙ্গীরের মরদেহ ঢাকার হাসপাতাল থেকে গ্রামের বাড়ি তজুমদ্দিনে আনা হবে। জানাজা ও দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে, ফখরুল আলম জাহাঙ্গীরের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তজুমদ্দিনের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.