আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
বর্ষাকালে সৃষ্টি হওয়া গর্ত এবং দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা শ্যামগঞ্জ রেলক্রসিং সংলগ্ন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী ও যাতায়াতকারী পথচারীরা।
এ অবস্থায় রাস্তার গর্ত ভরাট করে সাময়িক চলাচলযোগ্য করতে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সংস্কার কার্যক্রম শুরু করেছে ১নং মইলাকান্দা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এই কাজের উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তাইবুর রহমান হিরন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ বাজার আঞ্চলিক শাখা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে আহাম্মদ তাইবুর রহমান হিরন বলেন,
"শ্যামগঞ্জ বাজারের এ রাস্তা গৌরীপুর, পূর্বধলা ও ধোবাউড়া উপজেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথ। অথচ বহুদিন ধরে এটি অবহেলিত। বর্ষায় এই সড়কে গর্তের কারণে দুর্ঘটনা ঘটছে বারবার। তাই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা আজ নিজস্ব অর্থায়নে এই গর্ত ভরাটের উদ্যোগ নিয়েছি।"
তিনি আরও বলেন, "বৈশাখ মাস থেকেই গৌরীপুর উপজেলার বিভিন্ন রাস্তা, খাল ও অবকাঠামোর কাজ স্বেচ্ছাশ্রমে করে যাচ্ছে বিএনপি ও এর সহযোগী সংগঠন। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আমরা মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছি।"
এ সময় স্থানীয় নেতাকর্মীরা জানান, রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে নিজেরাই উদ্যোগ নিয়েছেন তাঁরা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.