জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে একটি বেসরকারি স্কুল প্রতিষ্ঠার নামে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের বিরুদ্ধে। সম্প্রতি বিদ্যালয়টি বন্ধ থাকলেও জমি দখলের বিরোধে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।
শনিবার বেলা ১২টায় দুমকি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ চরবয়রা গ্রামের বাসিন্দা মোঃ মুছা হাওলাদার। তিনি বলেন, আমাদের জমি দখল করে হাওলাদার ফিরোজ্জামান ২০০৬ সালে তাঁর বাবা-মায়ের নামে হনুফা নূরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। তিনি আরো বলেন, ফিরোজ্জামানের ভাই আবুল বাসার এসএ ৭৭ খতিয়ানের ৩১৯৭ নম্বর দাগে ৫ জন ওয়ারিশের কাছ থেকে ২০০৯ সালে মোট ২০ শতাংশ জমি ক্রয় করেই ৩৩ শতাংশ জমি দখলে নিয়েছেন। যার মধ্যে ১৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করে আছেন।
মুছা হাওলাদার আরও বলেন, হাওলাদার ফিরোজ্জামান দুমকি উপজেলা যুবলীগের সভাপতি থাকায় আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে আমাদের হয়রানি করেছে। এমনকি জমি বিক্রেতা আবদুল মজিদ হাওলাদারকে থানায় নিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে।
যুবলীগ সভাপতি হাওলাদার ফিরোজ্জামান পলাতক থাকায় তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। তবে তার ভাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ কামরুজ্জামান বলেন, আমরা বৈধভাবে জমি কিনে বিদ্যালয় স্থাপন করেছি। কিন্তু অভিযোগকারী পক্ষ ভয়ভীতি ও বাধার কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে। তারা বিদ্যালয়ের জমির ওপর ঘর তুলে বসবাস করছে। জমি ফেরত পেতে আমরা আদালতে মামলা করেছি।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.