আবু সালেহ গাজীপুর প্রতিনিধি
শাহজাহান বাদশা নামে এক যুবকের আয়কর আইনজীবী নিয়োগ পরীক্ষার ভাইভায় অংশ নেওয়ার কথা ছিল গতকাল রোববার সকালে। এ কারণে শনিবার সন্ধ্যায়ই তিনি ঢাকার উদ্দেশ্যে বের হন গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বাড়ি থেকে। রাজধানীর মিরপুরে এক আত্মীয়র বাসায় গিয়ে রাতে থাকার কথা ছিল। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর দিকে পল্লী বিদ্যুৎ মোড়ে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। এরই মধ্যে সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তার সামনে দাঁড়ায়। চালক ছাড়া আর কেউ ছিল না তাতে। ১৫০ টাকা চুক্তিতে চালক তার প্রাইভেট কারে উঠায় শাহজাহানকে। একই সময় ওই গাড়িতে আরও ৩ যুবক উঠে বসেন। রাজেন্দ্রপুর পার হওয়ার আগেই প্রাইভেট কারে উঠা অন্য ৩ যাত্রী শাহজাহানের হাত-পা ও চোখ বেঁধে ফেলে।
এর আগেই বুকে পিস্তল ঠেকিয়ে ও ধারালো ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি হাতুড়ি দিয়ে পেটানো হয় শাহজাহানকে। টানা ৭ ঘণ্টা হাত-পা ও চোখ বেঁধে প্রাইভেট কারে ঘুরানো হয় তাকে। লুট করে নেওয়া হয় সঙ্গে থাকা ৫০ হাজার টাকা। এমনকি শাহজাহানের সঙ্গে থাকা এটিএম কার্ডও নিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে নির্যাতনের মুখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন ভুক্তভোগী যুবক। দুর্বৃত্তরা বিভিন্ন বুথে গিয়ে ৮ লাখ ৬০ হাজার টাকা তুলে নেয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার এ ঘটনা দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সব কিছু লুট করে নিয়ে প্রায় ৭ ঘণ্টা পর দুর্বৃত্তরা শাহজাহানকে মেম্বার বাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। অন্য এক ব্যক্তির স্মার্টফোনে নিজের ফেসবুক আইডিতে লগইন করে একটি ভিডিওর মাধ্যমে পুরো ঘটনার বর্ণনা দেন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের বাবুল হোসেনের ছেলে ভুক্তভোগী শাহজাহান বাদশা।
গতকাল রাতে গণমাধ্যকে শাহজাহান বলেন, ‘রোববার সকালে আমার আয়কর আইনজীবী নিয়োগ পরীক্ষার ভাইভা ছিল। একই দিন রাত ১০টায় আমার চীনের ফ্লাইট ছিল। এ কারণে আগের দিন আত্মীয়র বাসায় গিয়ে থাকার জন্য শনিবার সন্ধ্যায় বের হই। অপরিচিত একটি প্রাইভেট কারে উঠে আমার সর্বনাশ হয়ে যায়। ৭ ঘণ্টা আমার চোখ বেঁধে রাখে, ডেভিট ও ক্রেডিট কার্ড নিয়ে সব টাকা তুলে নেয়। সঙ্গে থাকা ৫০ হাজার টাকা, স্বর্ণের আংটি, মোবাইল সব কিছু নিয়ে যায় তারা।’
তিনি বলেন, ‘৭ ঘণ্টা ধরেই আমাকে অত্যাচার করেছে। পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করেছে।’
পরে ফেসবুক লাইভে এসে শাহজাহান বলেন, ‘লাল স্বাধীনতার স্বাদ পেয়ে গেছি। বেঁচে থাকার ইচ্ছে আর নেই।’
আজ সোমবার তার সঙ্গে কথা হয় আমাদের। তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবস্থান করছি। রাত ১০টায় চীন যাওয়ার কথা রয়েছে। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি।’
এ ঘটনায় তার ভাই শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। গাড়ি জব্দ ও ছিনতাইকারীদের ধরতে একাধিক টিম কাজ শুরু করেছে।’
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.