মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় এক স্কুলছাত্রীর নিজ ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাওন মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।
মঙ্গলবার (০৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মাসুদ মিয়া (৪৪) শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ১৫ বছর বয়সী মেয়ে রফিক খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মাসুদ মিয়া, তার স্ত্রী ও ছেলে সবাই স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। প্রতিদিনের মতো আজ সকাল ৭টার দিকে তারা কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান।
সেই সুযোগে সকাল আনুমানিক ৯টার দিকে শাওন মিয়া তাদের ভাড়া বাসায় প্রবেশ করে এবং জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে শাওন ঘরের সিলিং দিয়ে পাশের কক্ষে গিয়ে সেখানকার দরজা খুলে পালিয়ে যায়।
পাশের রুমের বাসিন্দা মোছাঃ হামিদা (৪২) জানান, আমি মোবাইল ফোনে মাসুদ মিয়াকে বিষয়টি জানালে তিনি গার্মেন্টস থেকে দ্রুত বাসায় আসেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক এসটি বাংলা টিভিকে বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.