সাইফুল ইসলাম ধর্মপাশা সুনামগঞ্জ।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে (২০) একাধিকবার ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল আইনুল হককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) গভীর রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কলেজছাত্রী নেত্রকোনার একটি কলেজে এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলেজে আসা-যাওয়ার পথে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর দুভাগ গ্রামের বাসিন্দা এবং ধর্মপাশা থানার কনস্টেবল আইনুল হকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নিয়মিত মোবাইলে যোগাযোগ, ছবি ও ভিডিও আদান-প্রদান এবং সাক্ষাৎ চলছিল।
গত ২৬ জুন এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণের দিন দুপুরে আইনুল হক ম্যাসেঞ্জারে ওই ছাত্রীকে জানায়, সে ছুটি নিয়ে সুনামগঞ্জ শহরে ঘুরতে নিয়ে যাবে এবং তাকে ধর্মপাশার মহদীপুর স্পিডবোট ঘাটে যেতে বলে। বিকেল সাড়ে চারটার দিকে সেখানে পৌঁছালে নানা আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং রাত আটটার দিকে হোটেল কক্ষে তাকে ধর্ষণ করে।
পরদিন (২৭ জুন) তারা ধর্মপাশায় ফিরে এলে ওই ছাত্রী বিয়ের কথা বললে আইনুল হক এড়িয়ে যেতে থাকে। ২৮ জুন বিকেলে মেয়েটি নিজ বাড়িতে ফিরে যায় এবং ২৯ জুন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ শেষে আবারও আইনুলকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।
অবশেষে নিরুপায় হয়ে ২৯ জুন রাত ৮টার দিকে ওই কলেজছাত্রী নিজেই থানায় গিয়ে থানার ওসিকে ঘটনাটি জানায়। পরে বিষয়টি তার পরিবারকেও অবগত করে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ কনস্টেবল আইনুল হককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার গভীর রাতে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.