রাজবাড়ী জেলা প্রতিনিধিঃছাব্বির হোসেন বাপ্পি
রাজবাড়ী সদর উপজেলার দাদশী রেলগেট এলাকায় এক বিকাশ ব্যবসায়ীকে মারধর করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামী মো. রাসেল তফেদার (২৭) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার দাদশি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রাসেল তফেদার রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই গ্রামের মো. তৌহিদ তফেদারের ছেলে।
সোমবার (২৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, গত ৯ এপ্রিল ২০২৫ রাত সাড়ে ৯টার দিকে বিকাশ ব্যবসায়ী মো. সোহেল রানা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার দাদশী রেলগেট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন মুখোশধারী দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রের মুখে তাকে পথরোধ করে। এসময় তারা প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা বিকাশ লোডের নগদ ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনার পর সোহেল রানা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। ওই চিঠির প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা নজরদারি বাড়ায়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যার দিকে দাদশী বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মো: রাসেল তফেদার (২৭) কে গ্রেফতার করা হয়। তাকে ওই দিন রাতেই তাকে রাজবাড়ী থানায় সোপর্দ করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.