মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল।
নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পশ্চিমপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাশিয়াল পশ্চিমপাড়ার দাউদ মোল্লার ছেলে আবুল বাশার সকালে বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটতে গেলে মালেক মোল্লা পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতরা হলেন মালেক মোল্লা (৮৩), তার ছেলে রসুল মোল্লা (৫৮), রমজান মোল্লা (২২), স্ত্রী রাজিয়া বেগম (৬৪), নাতনি ঋতু খাতুন (২০) ও জান্নাতি খাতুন (১৫)। অন্যদিকে দাউদ মোল্লার ছেলে আবুল বাশার (২৭) ও গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মালেক মোল্লা, রসুল মোল্লা, রমজান মোল্লা ও আবুল বাশারকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন, খাশিয়াল পশ্চিমপাড়ায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছিল। কয়েক দফা সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.