মো: রাইয়ান নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদর উপজেলার শেখের মসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেলে নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলাম জেলার কুন্দপুকুর ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত সোবাহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানে যাত্রী হিসেবে নীলফামারীর দিকে যাচ্ছিলেন আজিজুল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল রিকশাভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাভ্যানে থাকা আজিজুল ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, "দুর্ঘটনার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পৌঁছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারসহ এলাকাবাসী ঘাতক চালকের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.