মো. শাহীন আলম, গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর এক অভিযানে সাইবার অবাধে জড়িত চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ প্রযুক্তিগত সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এলাকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন দফতরের সরকারি ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম প্রযুক্তিগত সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
এদিন প্রথমে অভিযান চালানো হয় জুয়েল নামের এক হ্যাকার বাড়িতে। তার ঘর থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও বাটন ফোন, এবং শতাধিক সিম কার্ড-যার মধ্যে গ্রামীণফোন, স্কুটো, রবি-এয়ারটেল এবং বাংলালিংয়ের সিম রয়েছে। এছাড়াও নগদ অর্থও জব্দ করা হয়েছে
ওই রাতেই পরে অভিযানের লক্ষ্য ছিল আরেক হ্যাকার রনি। তার বাড়ি থেকেও উদ্ধার করা হয়েছে প্রযুক্তিগত নানা উপকরণ, যার মধ্যে রয়েছে হার্ডড্রাইভ, পেনড্রাইভ, রাউটার, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টার ও একটি ডায়েরি-যেটি সম্ভবত কার্যক্রমের রেকর্ড ধারণে ব্যবহৃত হতো।
তবে ওই দুই হ্যাকার বাড়িতে না থাকায় তাদের গ্রেফতার করতে পারেনি যৌথ বাহিনীর সদস্যরা। তবে যৌথ বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বহুদিন ধরে গোবিন্দগঞ্জ এলাকায় একটি সক্রিয় গোষ্ঠী সাইবার অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যারা সমাজসেবার বয়স্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলন করে আসছিলেন। তাদের এই দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিলো উল্লেখযোগ্য।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, তারা দুজন চিহ্নিত সাইবার অপরাধী। এরআগে একই অপরাধে এই এলাকার কয়েকজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.