আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
এখন হাসপাতালের বিছানায় শয্যাশায়ী শাম্মী হাতে সিরিজ আর সুই, নাকে প্লাস্টিকের নল ঝুলছে। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। শত স্বপ্নের সেই আঙিনা থেকে দুঃস্বপ্ন নিয়ে বাড়ি ফিরেছে। এখন তার ঠাঁই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। তার পুরো নাম মোছা. শাম্মী আক্তার।
২০২১ সালের ২৪ জানুয়ারি ৭ম শ্রেণির সপ্তবর্ণা বইটা নিয়ে সে একটি প্রবন্ধ পড়ছিলো। সেই প্রবন্ধটা ছিলো হুমায়ুন আজাদের ‘শব্দ থেকে কবিতা।’
বিদ্যার ভুবনে স্বপ্নের সিঁড়ি বেয়ে এ ক্লাস থেকে উপরের ক্লাসে যাবে, কখনও কবি, কখনও ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বিভোর ছিলো। প্রবন্ধের একটি লাইন হাসপাতালের বিছানার এতো অত্যাচারেও সে ভুলেনি।
সেই লাইনটি হলো ‘রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায়, যদি স্বপ্ন থাকে। আর যা নেই, তা নিয়েও কবিতা লেখা যায়, যদি স্বপ্ন থাকে।’ এমন স্বপ্নের এক পরী হলো শাম্মী।
সেদিন হঠাৎ হাত-পা আর শরীর কাঁপতে থাকে। এরপরে শুরু হয় খিঁচুনি। তার বাবা বাউল শিল্পী শামিম বয়াতি ছুটে এসে নিয়ে যান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কয়েক দফা ভর্তি হলেও সুস্থ হয়নি শাম্মী।
ওই বছরের ২১ মার্চ ও ২১ এপ্রিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েসেন্স হাসপাতালে নিয়ে যায়। ঢাকার এভারকেয়ার হাসপাতালে ২০২২ সালে ১৬ বার, ২০২৩ সালে ৯ বার, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন ২১ বার।
সহপাঠীরা নতুন স্বপ্ন নিয়ে এক শ্রেণি কক্ষ থেকে ডিঙিয়ে অপর শ্রেণিকক্ষে যাচ্ছে। ওর সহপাঠি জান্নাতুল ফেরদৌসি, আয়শা আক্তার, আবুল কালাম, সোহেল মিয়ারা এ বছর এসএসসি পরীক্ষাও দিচ্ছে।
আর শাম্মীর বাবা মেয়েকে বাঁচনোর জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে নিজের ভিটেমাটি শেষ করেছেন। সংসারের হাল ধরার সেই একতারাটাও এখন অচল!
চিকিৎসকরা জানিয়েছেন, শাম্মী প্রোগ্রেসিভ মাইওক্লোমিক ইপিলিপসি (Progressive Myoclomic Epilepsy) রোগে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
শাম্মী বর্তমানে ঢাকার এভারকেয়ার হসপিটালের নিউরোলজি বিভাগে সিনিয়র কনসালটেন্ট ডা. সন্দ্বীপ কুমার দাসের তত্ত্বাবধানে রয়েছে। তবে চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এপ্রিল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দু’বার আইসিইউতে নেওয়া হয়। এ হাসপাতালে নিউরোলজি বিভাগের চিকিৎসক ডা. মানন্দ্রে মজুমদার চিকিৎসা দিচ্ছেন।
শাম্মীর বাবা বাউল শিল্পী শামিম বয়াতি জানান, আমি নিঃস্ব, আমি অসহায়। মেয়ের চোখের পানি আমার ঘুম কেড়ে নিয়েছে। ওকে বাঁচাতে চাই, চাই সহযোগিতা। দেশের বাহিরে চিকিৎসা করাতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। যা এ অসহায় বাবার পক্ষে সম্ভব নয়।
শাম্মীকে সহযোগিতা করতে চাইলে তার বাবার মোবাইল নাম্বার ০১৭২৯-৯৫৯৭০৮ যোগাযোগ করতে পারেন। জনতা ব্যাংক গৌরীপুর শাখার হিসাবে নং ০১০০২২৫৬২৭৬০১, ডাচবাংলা ব্যাংক একাউন্ট ৭০১৭৩২২৩৭৪৬৫০।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.