আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ীভাবে বরখাস্তের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে বরখাস্ত না করলে জজকোর্ট অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।’
সম্প্রতি আরটিভিসহ কয়েকটি টিভি চ্যানেলে ইয়াসিন আরাফাতের ঘুষ নেওয়ার একটি ভিডিও প্রচার হয়। এরপর আদালত কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করে।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত নাজির পরে সাংবাদিকদের বিরুদ্ধে মাইকিং করে অপপ্রচার চালিয়ে নিজের অপরাধ আড়াল করতে চেয়েছেন। এতে সাংবাদিকসহ সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন, জাতীয় যুব ফোরামের সাধারণ সম্পাদক জামাল হোসেন, অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেলসহ নানা শ্রেণিপেশার মানুষ।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.